হালদা থেকে ১৪ হাজার কেজি মাছের ডিম সংগ্রহ

হালদা থেকে ১৪ হাজার কেজি মাছের ডিম সংগ্রহ

দেশীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ প্রজাতির মা মাছ। গত বৃহস্পতিবার রাত ২টা থেকে নদীতে ডিম সংগ্রহ শুরু করেন জেলেরা। গতকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চলে ডিম সংগ্রহ। এখন হ্যাচারি ও হালদা পাড়ের বিশেষ কুয়ায় চলছে ডিম থেকে রেণু ফোটানোর কার্যক্রম। হালদা গবেষকদের হিসেবে এ বছর ডিম সংগ্রহ হয়েছে ১৪ হাজার কেজি।

এর আগে গত এক সপ্তাহের বেশি সময় ধরে হালদা পাড়ে পাহারা দেন ডিম সংগ্রহকারীরা। গত বৃহস্পতিবার দুপুর থেকে মৌসুমি বৃষ্টি শুরু হলে আশায় বুক বাঁধেন হালদা পাড়ের বাসিন্দারা। সন্ধ্যার পর থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করে হালদায়। এতে নদীর পানি ঘোলা হয়ে ওঠে। রাত ১২টার দিকে জোয়ার শুরু হলে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। রাত ২টার দিকে নাপিতের ঘোনা এলাকায় ডিমের দেখা পায় জেলেরা। এর পরই মাথায় লাইট বেঁধে বিশেষ নৌকা, জাল ও বালতি নিয়ে ডিম সংগ্রহে নামেন জেলেরা।

বিজ্ঞাপন

রামদাশ মুন্সিরহাট থেকে মদুনাঘাট এলাকা পর্যন্ত নয়াহাট, অংকুরিঘোনা, রামদাস হাট, আমতুয়া, মাচুয়া ঘোনা, কাগতিয়া, সিপাইঘাট, নাপিতেরঘাট, আজিমেরঘাট ও কাটাখালীসহ বেশ কয়েকটি পয়েন্টে রাতভর ডিম সংগ্রহ করেন জেলেরা। ডিম সংগ্রহকারীরা জানান, এ বছর আবহাওয়া মা মাছের ডিম ছাড়ার অনুকূলে ছিল। তাই বেশ কয়েক দিন ধরেই ডিম ধরার প্রস্তুতি নেন তারা। প্রতিটি নৌকায় ৩ থেকে ৫ বালতি করে ডিম সংগ্রহ করেন জেলেরা।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ২টা থেকে হালদা নদীতে মা মাছ পুরোদমে ডিম দেয়। এরপর জেলেরা এসব ডিম সংগ্রহ করেছেন।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, ডিম ছাড়ার পর অর্থাৎ রাত ২টার পর মুষলধারে বৃষ্টি হওয়ায় অনেক ডিম পানির তোড়ে ভেসে গেছে। তারপরও ১৪ হাজার কেজি ডিম আহরণ করতে পেরেছেন জেলেরা। যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

প্রতি বছর হালদার দুই পাড়ে মা মাছের নিষিক্ত ডিম ধরার অপেক্ষায় থাকেন ৭০০ থেকে ৮০০ জন ডিম সংগ্রহকারী। তবে গত কয়েক বছর ডিমের পরিমাণ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ডিম সংগ্রহকারীর সংখ্যা কমে এসেছে। এ বছর ২৫০টি নৌকায় সাড়ে ৫শ’ মানুষ ডিম সংগ্রহ করেন বলে জানিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন