সাত ভারতীয়কে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

সাত ভারতীয়কে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি
পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর গ্রামের সীমান্তে রাত আড়াইটার দিকে সাত ভারতীয় নাগরিক।

ফেনীর পরশুরামে পশ্চিম সাহেবনগর সীমান্ত দিয়ে সাত ভারতীয়কে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। শনিবার সকাল ১০টার দিকে বিএসএফ ওই সাত নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর গ্রামের সীমান্ত দিয়ে রাত আড়াইটার দিকে সাত ভারতীয় নাগরিককে জড়ো করে বিএসএফ। তারা ভারতের রাজনগরসংলগ্ন এমএলের বাগান এলাকায় এবং বিজিবির শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর কাছাকাছি অবস্থান করছিলেন।

খবর পেয়ে বিজিবির শ্রীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় রাজনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত রেখা অতিক্রম করে ওই ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা এতে কড়া প্রতিবাদ জানিয়ে বাধা সৃষ্টি করেন।

পরবর্তীতে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ পুশইনের চেষ্টা স্থগিত করতে বাধ্য হয় এবং ওই সাত ভারতীয় নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি জানায়, প্রাথমিকভাবে ওই সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ছয়জন নারী ও একজন ছেলেশিশু রয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার পর সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন