মতলব উত্তরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

মতলব উত্তরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রুহুল আমিনের দোতলা ফার্নিচারের দোকান, ধীরেন চন্দ্র দাসের ফার্মেসি, অরুণ ডাক্তারের ফার্মেসি এবং রবীন্দ্র চন্দ্র দাস, অসীম রায় ও বংশী চন্দ্র দাসের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

দোকানমালিক রুহুল আমিনের দাবি, তাঁর দোকানে থাকা নগদ ১ লাখ ৬২ হাজার টাকা, প্রায় ২০ লাখ টাকার যন্ত্রাংশ এবং প্রায় ৭২ লাখ টাকার কাঠ ও ফার্নিচারসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এ ছাড়া অন্য দোকানগুলোতে আরো ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে সংশ্লিষ্ট মালিকেরা জানান।

খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি দল রাত ১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. কফিল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন