চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ছবুরা খাতুন নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার খৈয়াছড়া ঝর্না রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করে। নিহত ছবুরা পূর্ব খৈয়াছড়া কাঁঠাল বাগান এলাকার মাওলা বক্সের স্ত্রী।
ছবুরাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে নিজ মেয়ের জাইয়ের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত মোবারক হোসেন পলাতক রয়েছেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে বাঁধা গরু আনতে যান ছবুরা। দীর্ঘক্ষণ পার হলেও তিনি বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে প্রতিবেশীর মুঠোফোনে শাশুড়িকে হত্যার কথা জানান মোবারক। একই সঙ্গে জানান, ‘মাত্র একজনকে খুন করা হয়েছে, আরও দুজন বাকি রয়েছেন।’
খবর পেয়ে রাতেই লাশ খুঁজতে বের হন স্বজনরা। সকালে খৈয়াছড়া ঝর্না এলাকায় গলায় গরুর রশি পেঁচানো লাশ পড়ে থাকতে দেখেন বৃদ্ধার নাতি মোশাররফ। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের ছেলে ওবায়দুল হক বলেন, স্বামীর বাড়িতে থাকতেন না আমার ছোট বোন নাছিমা। মা ছবুরা, স্বামী মোবারকসহ আমাদের বন বিভাগের জায়গায় নির্মিত ঘরে থাকতেন। মোবারক প্রায় মাদকাসক্ত থাকেন। মাত্রাতিরিক্ত মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় ঝগড়া লেগেই থাকতো। এরই জেরে আমার মাকে পরিকল্পিতভাবে খুন করেছেন মোবারক।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, সকালে ঝর্না রোড এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করেছেন নিহতের বড় ছেলে ওবায়দুল হক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

