নোয়াখালী হাতিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদের স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে বুড়িরচর ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হান্নান মাসুদ এর স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান। পোস্টে তিনি লিখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। সাথে থাকা তার দেবরকেও কয়েকজন মিলে মারছে বলে তিনি অভিযোগ করেন।
এনসিপির পক্ষ থেকে বলা হয় বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে আসার পথে বিএনপির কিছু লোক হান্নান মাসুদের স্ত্রীর উপর হামলা করে। তারা তার মোবাাইল ছিনিয়ে নেয়। তার সাথে থাকা তার দেবরকে পিটিয়ে আহত করা হয়। এছাড়া হাতিয়ার বুড়িরচর, চরঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
হাতিয়া ছাত্রশক্তির সদস্য সচিব আশিক এলাহী জানান, এই মুহূর্তে হান্নান মাসুদের স্ত্রী ওচখালী বাসায় অবস্থান করছে।
এই বিষয়ে বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি জানান, হান্নান মাসুদ স্ত্রী কেন্দ্র পরিদর্শন করে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়েছে। এখানে কাউকে হামলা করা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

