নৃত্যে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লার গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নির্ঝর দাস আদি। এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানে তার হাতে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
নির্ঝর দাস আদি কুমিল্লা মহানগরের বাগানবাড়ি ঠাকুরপাড়ার বাসিন্দা। তিনি জীবন চন্দ্র দাস ও মাধুরী সূত্রধরের একমাত্র সন্তান।
নির্ঝরের মা মাধুরী সূত্রধর জানান, আড়াই বছর ধরে নির্ঝর কুমিল্লার নটরাজ নৃত্যাঙ্গনে নৃত্যশিল্পী অভিজিৎ সরকারের কাছে প্রশিক্ষণ নিচ্ছে। ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। পরিবারের উৎসাহ ও প্রশিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে বিদ্যালয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার গৌরব অর্জন করেছে।
গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মত হাসিনা আক্তার বলেন, “নির্ঝর আমাদের বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে তার প্রথম স্থান অর্জন আমাদের জন্য গর্বের। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও আরও সাফল্য অর্জন করবে।”
নির্ঝরের এই অর্জনকে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তার এ সাফল্যে জেলার সাংস্কৃতিক অঙ্গনেও আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

