পরশুরামে কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি, বিচ্ছিন্ন বিদ্যুৎ অবকাঠামো

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

পরশুরামে কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি, বিচ্ছিন্ন বিদ্যুৎ অবকাঠামো

‎পরশুরামে কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বিদ্যুৎ ব্যবস্থা। প্রায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরবাড়ি, গাছপালা ও ফসলের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত রোববার সন্ধ্যা ছয়টা থেকে উপজেলার ৮০ শতাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।বিদ্যুৎ না থাকায় বেশি সমস্যার মধ্যে রয়েছেন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

‎‎সরজমিনে জানা গেছে, বিভিন্ন গ্রামে অসংখ্য গাছ উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে যায়। টিনের ঘরের চাল উড়ে গেছে, ভেঙে পড়েছে বসতঘর ও দোকানপাটের সাইনবোর্ড। কৃষকদের বোরো ধান, মৌসুমি শাকসবজি ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

‎‎দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা মো. ইউসুফ জানান, আকস্মিক কালবৈশাখীর ঝড়ে ঘরের চাল উড়ে গেছে।বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে তারসহ জমিতে পড়ে আছে।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্র জানিয়েছে, মির্জানগর, চিথলিয়া,বক্সমাহমুদ ও পৌরসভার বিভিন্ন গ্রামে অন্তত ৫০টি বাড়িঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎‎ঝড়ের তীব্রতায় বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। বহু গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে নিমজ্জিত রয়েছে।

‎উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস জানায়, বিভিন্ন স্থানে বৃষ্টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ‎৮৭ টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে,৮ টি  ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির ছয়টি ক্রসআর্ম ভেঙ্গে গেছে। এছাড়া শতাধিক গ্রাহকের মিটার খুলে পড়ে গেছে।

‎‎মির্জানগর ইউনিয়নের মহেশপুস্করণী গ্রামের বাসিন্দা আবুল কালাম জানান,দুইদিন ধরে বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থী মেয়ে পড়তে বসতে পারছে না। মোবাইল ও ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।  পরিবারের সাথে যোগাযোগ করতে না পারায় প্রবাসীরা দুশ্চিন্তায় রয়েছেন।

‎‎পরশুরাম পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) মু. সুহেল আখতার জানান, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে পল্লী বিদ্যুতের সকল জনবল মাঠে কাজ করছে। যেসব স্থানে খুঁটি ও ট্রান্সফরমার ভেঙ্গে পড়েছে সেগুলো লাগাতে ঠিকাদারদের দুটি গ্রুপ কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন