ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ‘দিশা’ এনজিও সংস্থার এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দাগনভূঞা উপজেলার তুলাতলী এলাকার খোনার পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুজ্জামান খান (৩২) নেত্রকোনার পূর্বতলা থানার কলাপাড়া এলাকার আব্দুর রফিক খানের ছেলে।
পুলিশ জানায়, শামসুজ্জামান খান ওই এনজিও সংস্থার নোয়াখালীর বেগমগঞ্জ শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সকাল আনুমানিক ৭:৪০ টার সময় দাগনভূঞা উপজেলা ‘দিশা’ অফিসে সংস্থার কাজ সেরে নিজের মোটরসাইকেলে কর্মস্থল নোয়াখালী ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। খবর পেয়ে জেলার মহিপাল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে আলামত জব্দ ও লাশের সুরতহাল প্রস্তুত করেন।
নিহতের সহকর্মী ও স্থানীয়দের ধারণা, সকাল বেলায় বৃষ্টি ভেজা রাস্তায় কোন ভারী যানবাহন তাকে চাপা দিয়ে উক্ত দুর্ঘটনা ঘটাতে পারে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায় নাই। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলমান ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

