চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে সাথী আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সাথী দুই সন্তানের জননী ছিলেন।
শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের ছৈয়াল বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সাথী আক্তার ওই গ্রামের নাছির ছৈয়ালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে সাথী আক্তারের সঙ্গে নাছির ছৈয়ালের বিয়ে হয়। প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। সম্প্রতি নাছির পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাড়তে থাকে।
নিহতের বাবা মোখলেছ জানান, একাধিকবার চেষ্টা করেও সাথী তার স্বামীকে পরকীয়ার সম্পর্ক থেকে ফেরাতে পারেননি। শুক্রবার সন্ধ্যায় আমার মেয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে থানায় খবর দেন। পরে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

