কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার
নিহত বুলেট বৈরাগী। ছবি: আমার দেশ

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত বুলেট বৈরাগী (৩৫) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন বুলেট বৈরাগী। সর্বশেষ রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে তার কথা হয়। তখন তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন।

পরবর্তীকালে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের কয়েক ঘণ্টা পরই তার লাশ উদ্ধারের খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...