লক্ষ্মীপুরে পতাকা লাগানোকে কেন্দ্র আর্জেন্টিনা সমর্থককে রিভলবার দিয়ে পিটিয়ে আহত করেছেন ব্রাজিল সমর্থক।
সোমবার বিকেলে আজাদ হোসেন (২৮) নামে এক আর্জেন্টিনা সমর্থককে রিভলবার দিয়ে পিটিয়ে জখম করেন রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থক।
বিকেলে চন্দ্রগঞ্জ থানার তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত আজাদ হোসেন স্থানীয় আব্দুর রহমানের ছেলে।
আজাদ হোসেন জানান, তারা কয়েকজন বন্ধু আর্জেন্টিনার একটি পতাকা লাগাচ্ছিলেন। ব্রাজিল সমর্থক রিফাত তাতে বাধা দেন। একপর্যায়ে রিভলবার দিয়ে আজাদের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতের বড় ভাই মনির হোসেন অভিযোগ করেন, রিফাত এর আগেও চাঁদার জন্য তার বুকে রিভলবার ঠেকিয়েছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, ‘আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, আমরা তার প্রতিবাদ করেছি।’
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

