চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবে আসবে বললেও মূলত তিনি আসবেন না। কারণ হাসিনা দেশের সবচেয়ে ভীতু নেত্রী। তিনি অনেক ভয় পান। এক এগারোর সময় তিনি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে পালিয়ে গেছেন। ২০২৪ সালের ৫ আগস্টও তিনি লক্ষণ সেনের মতো পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। আর ডিসেম্বরে তিনি আসলেও বাংলার জনগণ তাকে ফাঁসির রশি দিয়ে স্বাগত জানাবে।
শুক্রবার বিকেলে নগরীর বাকলিয়া এক্সেস রোড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ১৭ বছর ধরে জুলুম ও নির্যাতনের শিকার নেতা-কর্মীদের নিয়ে বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে। সারা দেশে আওয়ামী লীগ যে নৈরাজ্য চালাচ্ছে তা প্রতিরোধ করতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে সরকার গঠন করেছে। বিএনপি সরকার ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড প্রদানের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে তাদের স্বাবলম্বী করতে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু সেই সময়েও আওয়ামী লীগ 'আসবে আসবে' বলে দেশকে ধ্বংস ও অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিগত সময়ে যারা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন তারা কখনও ফিরবে না। তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে।
সমাবেশে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

