আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন জানান, চট্টগ্রামমুখী একটি স্টার লাইন পরিবহনের বাস পেছন থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং পরে আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—মুফতি আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), সন্তান সাইফ (৭) ও লাবিবা (১৮)। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা। এছাড়া প্রাইভেটকারের চালক জামাল হোসেন (৫২) ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি বরিশালে।

দুর্ঘটনায় আহত একই পরিবারের সদস্য আবরার (১২) বর্তমানে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহতদের দুইজনের লাশ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরো দুইজনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

জানা গেছে, নিহত মুফতি আব্দুল মমিন ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত জামি'আ মুহাম্মাদিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন