চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে নিখোঁজের একদিন পর ছেঙ্গারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে (১৩) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা (১২ মাইল) থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো নিশ্চিত করা হয়।
উদ্ধার হওয়া রাতুল ছেঙ্গারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।
নিখোঁজের কয়েক ঘণ্টা পর একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখতে পায় পরিবার। বিষয়টি নজরে আসার পর স্বজনদের মাঝে উদ্বেগ আরও বাড়ে। পাশাপাশি সম্প্রতি কুমিল্লায় সংঘটিত একটি অপ্রীতিকর ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারটির মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় রাতুলের বাবা তাৎক্ষণিকভাবে মতলব উত্তর থানায় একটি জিডি করেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় রাতুলের সন্ধানে মাঠে নামে পুলিশ প্রশাসন।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হোসেনের সমন্বয়ে একটি বিশেষ চৌকস টিম তথ্য সংগ্রহের কাজ শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, কিশোরের সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ রাতুলের অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা হয়। পরবর্তীতে শনাক্তকৃত অবস্থানের ওপর ভিত্তি করে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে তাকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুলকে আজ বুধবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের যেকোনো বিপদে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের এমন জোরদার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

