সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ধর্মমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচার : পূজা উদযাপন ফ্রন্ট

জেলা প্রতিনিধি, কুমিল্লা

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ধর্মমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচার : পূজা উদযাপন ফ্রন্ট

পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তরের আহ্বায়ক দুলাল দেবনাথ বলেছেন, মায়ের কাছে সন্তান যেমন নিরাপদ, মুরাদনগরের হিন্দু ধর্মাবলম্বীরাও তেমনি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির কাছে নিরাপদ। তিনি নির্বাচিত হওয়ার পরই মুরাদনগরের অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি ফান্ড গঠন করেন এবং নগদ ৫ লাখ টাকা দেন। মন্ত্রীর সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের সুসম্পর্ক নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র করছে; তারই অংশ হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুন দেওয়ার অপপ্রচার চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

‘ধর্মমন্ত্রীর বাড়ির পাশে মন্দিরে আগুন’ শিরোনামে কিছু ফেসবুক পেজে প্রচারিত অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে মুরাদনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।

এ সময় আরও বক্তব্য দেন মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, সহ-সভাপতি রতন দাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাস।

সংবাদ সম্মেলনে দুলাল দেবনাথ আরও বলেন, ধর্মমন্ত্রীর বাড়ির পাশে একটি মন্দির রয়েছে। মন্দিরের পাশে একটি বটবৃক্ষ আছে, যেখানে ধর্মীয় রীতি অনুযায়ী মানত করা হয়। মানত শেষে কেউ কেউ সেখানে কাপড় পেঁচিয়ে রাখেন। মুরাদনগরের হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের আশ্রয়স্থল কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করতে কিছু ফেসবুক পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বটবৃক্ষে আগুন লাগিয়ে তা নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

এছাড়া তারা মুরাদনগর থানা ও কায়কোবাদ দাদার ছবিসহ ভিডিও তৈরি করে হিন্দু ও মুসলিমদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে। আমরা এ মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ জানাই এবং জড়িতদের আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি আরও বলেন, কায়কোবাদ দাদা শুধু একজন জনপ্রতিনিধিই নন, তিনি মুরাদনগরের হিন্দু-মুসলিমসহ সব শ্রেণি-পেশার মানুষের অভিভাবক। গত ২৫ বছর আমরা তার ছায়াতলে রয়েছি। এছাড়া গত ১৮ থেকে ২০ মাস তিনি হিন্দু ধর্মাবলম্বীদের যেভাবে আশ্রয় দিয়েছেন, তাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। অতীতে অনেকবার কায়কোবাদ দাদাকে হেয় করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল বলেন, নির্বাচনের আগে ও পরে তারা এতটাই ভালো ও শান্তিতে আছেন যে, এই পরিস্থিতি স্বৈরাচারদের সহ্য হচ্ছে না। হিন্দু-মুসলিমরা যেভাবে মিলেমিশে বসবাস করছেন এবং ধর্মীয় কার্যক্রম সম্পাদন করছেন, সেটিও একটি মহলের সহ্য হচ্ছে না।

তিনি বলেন, আমার বাড়ির পাশেই ঘটনাটি ঘটেছে, যা মন্দির থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বটগাছের কাছে। সেখানে কোনো প্রতিমা স্থাপন করে পূজা করা হয় না।

তারা বিভিন্ন ধরনের মানত করেন, কেউ কেউ সেখানে কাপড় বেঁধে দেন। রাতের আঁধারে কে বা কারা সেখানে আগুন লাগিয়ে সেটির ভিডিও ধারণ করে অনলাইনে কিছু ফেসবুক পেজের মাধ্যমে কায়কোবাদ দাদাকে জড়িয়ে প্রচার করছে।

তিনি আরও বলেন, সেখানে কিছু নেশাগ্রস্ত ব্যক্তি রাতে অবস্থান করে, হয়তো তারাই আগুন দিয়েছে। অথবা যারা ভিডিও ধারণ করেছে, তারাই আগুন লাগিয়ে মুরাদনগরের শান্তি নষ্ট করার চেষ্টা করেছে। অতীতে যারা কায়কোবাদ দাদার বিরুদ্ধে ছিল, তারাই এখন এসব করছে। তিনি তাদের উদ্দেশে বলেন, মুরাদনগরের মানুষের সুখ যদি সহ্য না হয়, তাহলে অন্তত নীরব থাকুন এবং দেশকে সুন্দরভাবে চলতে দিন। হিন্দু-মুসলিমরা যেভাবে অধিকার নিয়ে বসবাস করছেন, সেভাবেই থাকতে দেওয়া উচিত।

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, মন্দিরের পাশের বটবৃক্ষে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। এটি একটি পরিকল্পিত ঘটনা, যার মাধ্যমে মুরাদনগরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে।

তিনি বলেন, মুরাদনগরে হিন্দু-মুসলিমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চান। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধর্মমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি সকলকে গুজবে কান না দিয়ে মুরাদনগরের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন