চট্টগ্রামের মেহেদীবাগ এলাকায় পরিবেশ ছাড়পত্র না থাকায় এরিস্টোকেয়ার নামে একটি প্রাইভেট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অমান্য করে কোনো ধরনের অনুমোদন না নিয়েই নগরীর চকবাজার এলাকার মেহেদীবাগ রোডে হাসপাতালটি চিকিৎসা কার্যক্রম শুরু করে। অবস্থানগত ছাড়পত্র না নিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়টি পরিবেশ আইন লঙ্ঘনের আওতায় পড়ে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে অনতিবিলম্বে তরল বর্জ্যের যথাযথ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, তরল বর্জ্য পরিশোধনের সঠিক ব্যবস্থা নিশ্চিতের পরই কার্যক্রম পরিচালনা করা যাবে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান,কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনার কোনো অবস্থানগত ছাড়পত্র পরিবেশ অধিদপ্তর থেকে গ্রহণ করেনি। এ অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে শুনানিতে ডাকা হয়। সেখানে অনিয়মের বিষয়টি তারা স্বীকার করলে আইন অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ দূষণ রোধ এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

