চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে জৈন্তাপুরে বদলি

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে জৈন্তাপুরে বদলি
ছবি: আমার দেশ

কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর ঘটনায় অভিযুক্ত এসিল্যান্ড ফয়সাল আল নূরকে স্ট্যান্ড রিলিজ দিয়ে সিলেটের জৈন্তাপুরে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন দৈনিক মানবজমিন পত্রিকার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ‘ফেস দ্য পিপল’ অনলাইন নিউজ পোর্টালের দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীম।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলীম অভিযোগ করেন, ‘তার আত্মীয়ের একটি নামজারিসংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে ঘোরাঘুরির পর নির্ধারিত শুনানির দিনে তিনি সহকর্মীকে সঙ্গে নিয়ে ভূমি অফিসে যান। সেখানে এসিল্যান্ডের সঙ্গে কথা বলার একপর্যায়ে আচরণ নিয়ে ভিডিও ধারণ করতে গেলে সহকারী কমিশনার ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে পুলিশ ডেকে এনে তাদের হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, ‘থানায় নেওয়ার পর তার মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ভিডিও ও ছবি মুছে ফেলা হয় এবং পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক দৈনিক আমার দেশকে বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন