নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানীতে এক যুবদল কর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এক তরুণকে অপহরণে বাধা দেয়ায় কিশোর গ্যাং সদস্যরা নিরপরাধ যুবদল কর্মী শাকিলকে (২৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় শাকিলের ছোট ভাই শুভকেও কুপিয়ে জখম করে তারা। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের তিন অস্ত্রধারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল গঙ্গাবর গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে। তিনি পেশায় থাই মিস্ত্রি। বিদেশে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন শাকিল।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টায় শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে বসে চা খাচ্ছিলেন। এ সময় অটোরিকশায় কিশোর গ্যাংয়ের পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় শাকিলসহ কয়েকজন বাধা দেয়। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে। একই সময় শাকিলের ছোট ভাই শুভ (২৫) বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে। স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাকিলকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়রা অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের আটক করে হাসপাতালে নিয়ে যায়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও রাজিব আহমেদ চৌধুরী রাত ১০টার দিকে জানান, শাকিলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোর সন্ত্রাসীরা শাকিলকে হত্যা করেছে। তার ভাইকেও কুপিয়ে জখম করেছে। এলাকাবাসী অস্ত্রধারী তিনজনকে গণধোলাই দিয়ে আটক করেছে। আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

