চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় একটি ৪ তলা ভবন পাশের আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে চাঁদপুর পৌরসভা ঝুঁকিপূর্ণ দুটি ভবন খালি করার নির্দেশ দিয়েছেন।
রোববার বিকেলে ভবন হেলে পড়ার খবর পেয়ে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ঝুঁকিপূর্ণ দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানিয়ে দেয়া হয়। একই সঙ্গে ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছ।
জানা গেছে, পালপাড়া এলাকার মো. শাহ আলম ঢালীর চারতলা ভবনের পাশেই রয়েছে মো. শাহজাহানের চারতলা ভবন। সম্প্রতি শাহজাহানের ভবনটি কিছুটা হেলে শাহ আলমের ভবনের দিকে ঝুঁকে পড়ে। এতে শুধু ভবন দুটির বাসিন্দারাই নন, আশপাশের লোকজনও আতঙ্কের মধ্যে রয়েছেন।
ভবন মালিক মো. শাহ আলম ঢালী জানান, ২০১২ সালে তিনি পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটি নির্মাণ করেন। পাশের ভবনটি হেলে পড়ার কারণে তার ভবনের ঝুঁকি তৈরি হয়েছে।
অপর ভবনের মালিক মো. শাহজাহান জানান, ২০১৫ সালে তিনি ভবনটি নির্মাণ করেন। কী কারণে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে তিনি বলেন, পৌরসভার নিয়ম মেনেই ভবন নির্মাণ করা হয়েছিল।
চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন বলেন, প্রাথমিক পরিদর্শনে ধারণা করা হচ্ছে নির্মাণজনিত ত্রুটির কারণে একটি ভবন হেলে পড়েছে। এতে দুটি ভবনই ঝুঁকিতে পড়েছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌরসভার পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভবন দুটির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনায় মালিক ও ভাড়াটিয়াদের দ্রুত ভবন ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

