চট্টগ্রাম ওয়াসার ডিএমডি আতিকুজ্জামানের নিয়োগ বাতিলের দাবি এ্যাবের

চট্টগ্রাম ওয়াসার ডিএমডি আতিকুজ্জামানের নিয়োগ বাতিলের দাবি এ্যাবের

চট্টগ্রাম ওয়াসার সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-প্রকৌশল) আতিকুজ্জামান বিল্লাহর নিয়োগ বাতিল ও তাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে প্রকৌশলীদের জাতীয়তাবাদী সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগ।

বিজ্ঞাপন

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এই দাবি জানায় সংগঠনটি। তবে চিঠিতে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে।

স্মারকপত্রে এ্যাব জানায়, চট্টগ্রাম আইইবিতে হামলা, জ্যেষ্ঠ প্রকৌশলীদের লাঞ্ছিত করা এবং সিসিটিভির ফুটেজ মুছে ফেলার মতো শৃঙ্খলা-বিরোধী কাজে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে আতিকুজ্জামান বিল্লাহর বিরুদ্ধে। এই ঘটনায় চট্টগ্রাম আইইবির অভ্যন্তরীণ তদন্তে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় ২ নম্বর আসামি তিনি।

পত্রে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম ওয়াসার মতো একটি সংবেদনশীল ও সম্পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে এমন বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে বহাল রাখলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও কার্যকারিতা ব্যাহত হবে। এ ছাড়া আগামী অনুষ্ঠিতব্য আইইবি নির্বাচনে এ্যাবের সিদ্ধান্ত অমান্য করে নমিনেশন ফরম দাখিল করার বিষয়টির দিকেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

চিঠিতে স্বাক্ষর করেছেন এ্যাব চট্টগ্রাম বিভাগের নেতৃত্বদানকারী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মো. আবু জাফর এবং প্রকৌশলী খান মো. আমিনুর রহমান। এর আগে গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে ১ বছরের জন্য শর্তসাপেক্ষে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন