আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোরের আলো ফুটতেই ‘রান ইউথ রেজাউল করিম’

প্রচারণার শেষ মুহূর্তে লক্ষ্মীপুরে চমক দেখালেন জামায়াত প্রার্থী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রচারণার শেষ মুহূর্তে লক্ষ্মীপুরে চমক দেখালেন জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচা শেষ হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। প্রচারণার শেষ সময়ে এসে লক্ষ্মীপুরে ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে চমক দেখালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিম।

ভোরের আলো ফুটতেই লক্ষ্মীপুর শহরে ‘রান ইউথ রেজাউল করিম’ কর্মসূচি পালন করেন তিনি। রেজাউল করিম লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে দৌড় কর্মসূচি শুরু হয়ে উত্তর তেমুহনী এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে রেজাউল করিম বলেন, “আমরা যখন ব্যালটের প্রস্তুতি নিচ্ছি, তখন অনেকে বুলেটের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ আমরা সেটিকে পরাজিত করবো।” তিনি লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, জেলায় প্রচুর অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী রয়েছে এবং এখনো বিভিন্ন এলাকায় মা-বোনদের হুমকি ও কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, “এ পর্যন্ত আপনারা যে ভূমিকা রেখেছেন তার জন্য ধন্যবাদ। তবে অস্ত্র ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।” তিনি হত্যা, হুমকি ও ‘দেখে নেওয়ার’ রাজনীতি পরিহারের আহ্বান জানান।

রেজাউল করিম আরও বলেন, বিভিন্ন এলাকায় জাল ভোট দেওয়ার প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে বলে তারা জানতে পেরেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই—এই নির্বাচন হবে ইতিহাসের সেরা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ইনশাআল্লাহ।” প্রশাসনের যেকোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

তিনি বলেন, “যাদের রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এই নতুন নির্বাচন আমরা পেয়েছি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা হ্যাঁ ভোটে রায় দেবো। যারা না ভোটে রায় দেবে তারা জুলাই আন্দোলনের বিরোধী। জুলাই আন্দোলনের বিরোধীরা বাংলাদেশে আর বিজয়ী হতে পারবে না।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে হাতে হাত ধরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর শিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিন, সেক্রেটারি আবদুল আউয়াল হামদুসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন