ফেনীতে ৪০ সেকেন্ডের হঠাৎ টর্নেডোতে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যমে স্বরাজপুর গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ভয়াবহ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, বিকট শব্দে হঠাৎ ওই গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এতে চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা, ২০টির মত ছোট বড় ঘর উড়ে যায়।
এসময় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়।
এছাড়া ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ করে ঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ধুমড়েমুচড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত সাহাব উদ্দিন জানান, তার ৭০ বয়সের জীবনে এমন টর্নেডো আর দেখেননি। হঠাৎ করে যেন কেয়ামত বয়ে গেছে।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গেছি। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। তাদেরকে সরকারিভাবে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, তিনি খবর পেয়েছেন। জেলা সদরে জেলা প্রশাসনের এক সভায় যুক্ত থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা বিলম্ব হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

