নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণকাজে ব্যবহৃত কংক্রিট ভর্তি ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার ৪ অক্টোবর সকাল ১০টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাবিবপুর বাজার সংলগ্ন বাড়ি থেকে পায়ে হেঁটে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে নির্মাণাধীন সড়কে কংক্রিট পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

