ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে দৈনিক আমার দেশ পত্রিকায় ‘নাসিরনগরে আট কোটি টাকার প্রকল্পে তিন গুণ বিল তুলে ঠিকাদার লাপাত্তা’ প্রতিবেদন প্রকাশের চার দিনের মধ্যে প্রায় তিন বছর বন্ধ থাকা হরিণবেড়-ফান্দাউক রোডের ১ হাজার ৮০০ মিটার সড়কের কাজ শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিণবেড়-ফান্দাউক রাস্তার চিতনা বাজার অংশ থেকে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক খানাখন্দ রয়েছে, ঠিকাদার কর্তৃপক্ষ খানাখন্দগুলো মেরামতের কাজ শুরু করেছে।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার থেকে ফান্দাউক পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে বেহাল দশা তৈরি হয়েছিল। রাস্তায় গর্ত ও ভাঙা থাকায় বৃষ্টির পানি জমে থাকত। এতে যান চলাচলকারী জনসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন এলাকাবাসী।
উল্লেখ্য ২০২৩ থেকে ২০২৪ অর্থবছরে হরিণবেড় থেকে ফান্দাউক পর্যন্ত ১ হাজার ৮০০ মিটার সড়ক নির্মাণের জন্য সাড়ে ৮ কোটি টাকার টেন্ডার হয়। এর মধ্যে ঠিকাদার নামমাত্র ৩ কোটি ৮০ লাখ টাকার কাজ করেছে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ বিল তুলে নিয়েছে ৭ কোটি ২১ লাখ টাকা। কাজের চেয়ে অতিরিক্ত বিল নিয়েছে ৩ কোটি ৪১ লক্ষ টাকা। এরপর রাস্তাটি নির্মাণের সময় বাড়ানো হলেও ঠিকাদার আর কাজে আসেনি।
এলাকাবাসী উবায়দুল হক ফরছু বলেন, ‘গত ৭ এপ্রিল দৈনিক আমার দেশ প্রতিনিধি এই রাস্তা নিয়ে আমাদের দুর্ভোগের কথা তুলে ধরে সংবাদ প্রকাশ করেন। সেই সংবাদের পরই কাজ শুরু হয়েছে। এতে আমরা এলাকাবাসী খুবই খুশি। এ জন্য দৈনিক আমার দেশকে আন্তরিক ধন্যবাদ।’
ঠিকাদার খাইরুল হাসান সরেজমিনে রাস্তার কাজ পরিদর্শনে এসে দৈনিক আমার দেশকে বলেন, ‘আগামী ২০-২৫ দিনের ভিতর আমি কাজ শেষ করব।’
কাজের তত্ত্বাবধানে থাকা নাসিরনগর উপজেলা সহকারী প্রকৌশলী ইসহাক মিয়া বলেন, পুনরায় কাজ শুরু হয়েছে, আশা করি দ্রুত কাজটি শেষ হবে এবং এলাকাবাসীর দুর্ভোগ কমবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

