বড়লেখায় ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছুরিকাঘাতে নিহত

উপজেলা প্রতিনিধি, বড়লেখা (মৌলভীবাজার)

বড়লেখায় ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছুরিকাঘাতে নিহত

মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে নোমান আহমদ (৩৫) নামে এক ওয়ার্ড যুবদল নেতা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার বাড্ডা বাজারে এ ঘটনা ঘটে।

সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শহীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি শনিবার রাত সাড়ে ১১টায় বলেন, রাত ৮টায় নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ দুই যুবক এসে নোমানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে নোমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে এখনও জানা যায়নি।

তিনি বলেন, ঘটনার পর হামলাকারী দুই যুবক পালিয়ে গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন সুজানগর ইউনিয়নের দশঘরি গ্রামের সবির মিয়ার ছেলে মারজান আহমদ ও কালাইউরা গ্রামের আব্দুস শহীদের ছেলে রেহান আহমদ।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ বলেন, ১ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা নোমান আহমদকে ছুরিকাঘাতে হত্যা করেছে মারজান আহমদ গং। নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম শনিবার রাত ১২টায় বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। লেনদেন সংক্রান্ত বিরোধ নিয়ে নোমানকে অভিযুক্তরা ছুরিকাঘাত করতে পারে বলে প্রাথমিকভাবে জেনেছেন। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন