কুমিল্লার দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকার মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে দুটি বস্তার ভেতর থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে কাভার্ডভ্যানটি জব্দ এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

