মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছে চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় ৪০টি গ্রামের মানুষ।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার খবর পাওয়ার পর শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
একই সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদ্যাপন করা হচ্ছে। সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের পীর ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক; মতলব উপজেলার দশানী, মোহনপুরসহ কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কিছু গ্রামের কয়েক হাজার বাসিন্দা ঈদ উদ্যাপন করছে।
উল্লেখ্য, ১৯৩২ সাল থেকেই সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক (রহ.) থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপন করে আসছে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

