চাঁদপুরের মতলবে প্রধানমন্ত্রীর সমালোচনা করায় এক স্কুলশিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ওই শিক্ষকের নাম জুয়েল তালুকদার। তিনি মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বৃহস্পতিবার এ নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।
জানা গেছে, জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন । বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার’ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।
বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে এলে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে তারা জোর দাবি জানান। এক বছর আগে এ বিদ্যালয়ে যোগ দেন জুয়েল।
তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
এ ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তী সময়ে ডিলিট করে দিয়েছি।’
ইউএনও ইশমাম বলেন, ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

