লক্ষ্মীপুরে ১১ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ১১ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যার ১১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি শাহজালালকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বিজ্ঞাপন

শনিবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু। এর আগে শুক্রবার রাতে চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল খলিলের বাড়ির কাছের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজালাল চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামের মৃত হুকু ব্যাপারীর ছেলে। আওয়ামী লীগ নেতা মান্নান ভুঁইয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সে।

জানা যায়, ২০১৪ সালের ২১ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ভুঁইয়াকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়। ঘটনার ৪ দিন

পর নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে লক্ষ্মীপুর সদর থানার মামলা নং-১১১, তাং-২৫/০৫/২০১৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।

এ মামলায় ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি তিন আসামিকে মৃত্যুদণ্ড, ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। ওই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহজালাল (৩২) দীর্ঘদিন গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল।

র‍্যাব-১১ নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন