দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো যাত্রাবিরতি দিয়েছে সিলেট-ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন।
সোমবার বিকেলে ট্রেনটি ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় ট্রেনচালক, পরিচালক ও যাত্রীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা নাগরিক ফোরামের নেতারা।
রেলওয়ের নতুন সূচি অনুযায়ী, এখন থেকে সকাল ১০টা ৫১ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ও বিকেল ৪টা ৪৬ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি করবে কালনী এক্সপ্রেস ট্রেন।
এদিকে, ট্রেনটি যাত্রাবিরতি দিলেও ব্রাহ্মণবাড়িয়ার জন্য এখন পর্যন্ত কোনো টিকিট বরাদ্দ রাখা হয়নি। এর আগে বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে কালনী এক্সপ্রেস বরণের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নাগরিক ফোরামের নেতারাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

