মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

ফেনীর সোনাগাজীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সোনাগাজী মডেল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন—বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান (২৭), বখতারমুন্সি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন (২২), শেখ ফরিদ (২৯) ও মো. মোকাদ্দেস ভূঁইয়া তারেক (২৮)।

শুক্রবার তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে শেখ ফরিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বাকি তিনজনকে ইয়াবা বিক্রি ও সেবনের অভিযোগে আটক করা হয়।

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, ‘অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি তদন্ত করব।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম বলেন, ‘গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন