ফেনীর ছাগলনাইয়া উপজেলায় টানা ৫০বছর ইমামতির পর ৯৫ বছর বয়সী প্রবীণ আলেম মাওলানা শামসুল হক মিয়াজীকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত বিদায় অনুষ্ঠানে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে মসজিদ কমিটির পক্ষ থেকে মাওলানা শামসুল হক মিয়াজীর হাতে নগদ ৩ লাখ টাকা সম্মাননা হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি তার জন্য আমৃত্যু পেনশন সুবিধার ঘোষণাও দেওয়া হয়।
প্রিয় ইমামের পেছনে শেষ জুমার নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকেও অনেকেই উপস্থিত হন। বিদায় অনুষ্ঠানে তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
জানা যায়, মাওলানা শামসুল হক মিয়াজীর পরিবার বংশানুক্রমে প্রায় ২০০ বছর ধরে এ মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছে। তার দাদা মরহুম মাওলানা হামিদুল্লাহ মিয়াজী এবং পরে তার বাবা মরহুম মাওলানা এবাদুল্লাহ মিয়াজী একই মসজিদে ইমামতি করেছেন। পরে মাওলানা শামসুল হক মিয়াজীও দীর্ঘ ৫০ বছর ইমামতির দায়িত্ব পালন করেছেন।
বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী, উপদেষ্টা রাজ্জাকুল হায়দার চৌধুরী, কামরুল আহসান চৌধুরী, নুরুল আমিন চৌধুরী এবং আমান সরোয়ার উদ্দিন চৌধুরী। বক্তারা তার ধর্মীয় জ্ঞান, সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর প্রশংসা করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

