বাঁশখালীতে রোববার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বরণে প্রস্তুত বানভাসি মানুষ

বাঁশখালীতে রোববার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বরণে প্রস্তুত বানভাসি মানুষ
ছবি: আমার দেশ

রোববার বাঁশখালী সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম তথা বাঁশখালী সফরে আসছেন তিনি ।

প্রধানমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন এবং প্রথমে স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। তার হাতে চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতীকীভাবে ১০০টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম শুরু করবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাঁশখালীতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চেচুরিয়া এস কে কেবি কনভেনশন হলে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

সভায় নেতারা জানান, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। নেতাকর্মীদের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার নির্দেশনা দেওয়া হয়।

লায়ন হেলাল উদ্দিন জানান, দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রীর বাঁশখালী আগমন আবেগ ও গৌরবের বিষয়। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রধানমন্ত্রীর সফর বাঁশখালীর জন্য একটি ঐতিহাসিক আয়োজন। কর্মসূচির সফলতার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রোববার দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রাণ বিতরণ করবেন ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন