চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে থানার ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালানোর পথে স্থানীয়দের হাতে আটক হন ছেনোয়ারার ভাই। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
পুলিশ জানায়, নিহত ছেনোয়ারা বেগম হালিশহর থানা ঈদগাঁ এলাকার সাবের আহমদের স্ত্রী। সোমবার রাতে ছেনোয়ারা বেগমের ভাই তার বোনের বাড়িতে যায়। একপর্যায়ে পারিবারিক বিরোধের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালিশহর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জেনেছি ছেনোয়ারাকে তার ভাই বাড়িতে গিয়ে কুপিয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাইকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

