চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নিগার সুলতানা ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
পৌরবাসীর ওপর নতুন কর আরোপ ছাড়াই এ অর্থবছরে ৬৪ লাখ ৫৮ হাজার ৫ শত ২৪ টাকা উদ্বৃত্ত রেখে ৬৫ কোটি ৫৪ লক্ষ ৫৮ হাজার ৫২৪ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লক্ষ টাকা।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৬ লক্ষ ৫৫ হাজার ৩৭ টাকা, পানি খাতে রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার টাকা, মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৪৮৭ টাকা।
এ অর্থবছরে পৌরবাসীর ওপর কোনো করারোপ করা হয়নি জানিয়ে পৌর প্রশাসক নিগার সুলতানা তার বক্তব্যে বলেন, পৌরবাসীর উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ভৌত অবকাঠামো তথা রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, পানি ও বিদ্যুৎ লাইন নির্মাণ পুনর্নির্মাণ বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। করোনাভাইরাস (কোভিড-১৯) ও ডেলটা, আলফা, ডেলটাপ্লাস ভ্যারিয়েশন ভাইরাস এবং ম্যালেরিয়া/ ইনফ্লুয়েঞ্জা/নিউমোনিয়া প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, প্রেস ক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

