চট্টগ্রামের পটিয়ায় শতবর্ষী ঐতিহ্যের ধারক আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর মাছুম বলী।
শনিবার (৯ মে) বিকেলে পটিয়া পৌরসদরের বৈলতলী রোডস্থ আমজু মিয়া চেয়ারম্যানের বাড়ির মাঠে আয়োজিত বলী খেলায় বোয়ালখালীর কাঞ্চন বলীকে পরাজিত করে শিরোপা জেতেন তিনি। এবারসহ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন মাছুম বলী।
ঐতিহ্যবাহী এ বলী খেলায় অর্ধশতাধিক বলী অংশ নেন। বলী খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এনামুল হক এনাম।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, পটিয়ার ঐতিহ্যবাহী আমজু মিয়ার বলীখেলা শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি আমাদের শত বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এই বলীখেলা গ্রামবাংলার শারীরিক সক্ষমতা, সাহস ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবে আজও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সংস্কৃতিমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পটিয়ার এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিকভাবে পরিচিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বলী খেলা উদযাপন পরিষদের আহ্বায়ক আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু ও পৌরসভা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান রিপন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

