১০ মাসে কোরআন হিফজ করে বিস্ময় জাগাল ৯ বছরের আরহাম

১০ মাসে কোরআন হিফজ করে বিস্ময় জাগাল ৯ বছরের আরহাম

পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করতে যেখানে সাধারণত কয়েক বছর সময় লাগে, সেখানে মাত্র ১০ মাসে সেই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯ বছর বয়সী শিশু আরহাম ভূঁইয়া।

বিজ্ঞাপন

আরহাম মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী গ্রামের গণি ভূঁইয়া বাড়ির বাসিন্দা। সে ওহিদুল ইসলাম ভূঁইয়ার একমাত্র সন্তান। স্থানীয় দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় সে এই হিফজ সম্পন্ন করে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ অক্টোবর হিফজ শিক্ষা শুরু করে ২০২৬ সালের ৩০ জুন—মাত্র ১০ মাসের মধ্যে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করার সৌভাগ্য অর্জন করে আরহাম। যেখানে অধিকাংশ শিক্ষার্থী প্রতিদিন ১ থেকে ২ পৃষ্ঠা সবক (নতুন মুখস্থ অংশ) প্রস্তুত করত, সেখানে আরহাম নিয়মিত ৪ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত সবক প্রস্তুত করে শোনাত।

শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, আরহামের অসাধারণ মেধা, একাগ্রতা ও অধ্যবসায়ের কারণেই এত অল্প সময়ে এই কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব বলেন, “আরহামের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে হিফজ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের উত্তম চরিত্র গঠন, শুদ্ধ তিলাওয়াত, ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।”

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ভূঁইয়ার লক্ষ্য ছিল একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার মতো শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা। সেই লক্ষ্যেই ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও পর্দানশীন পরিবেশে দ্বীনি ও আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করছে। চলতি বছর আরও ১০ থেকে ১২ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সহসভাপতি ডা. গিয়াস উদ্দিন বলেন, “আলহামদুলিল্লাহ, সফলতার সঙ্গে আমরা দুই বছর অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করেছি। অল্প সময়ে প্রতিষ্ঠানের যে অর্জন ও অগ্রগতি হয়েছে, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।”

হাফেজ আরহাম ভূঁইয়া বলেন, “আল্লাহ তাআলার অশেষ রহমতে অল্প সময়ে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতে একজন হাক্কানি আলেম হতে চাই এবং সারাজীবন কোরআনের খেদমত করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

আরহামের বাবা ওহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, “ছোটবেলা থেকেই ছেলেকে কোরআনের পথে গড়ে তোলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সেই আশা পূরণ করেছেন। মাদ্রাসার পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রত্যাশা, ছেলে বড় হয়ে একজন যোগ্য আলেম হবে এবং কোরআন-সুন্নাহর আলো সমাজে ছড়িয়ে দেবে।”

আরহামের শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ বলেন, “আরহাম অত্যন্ত মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। শুরু থেকেই সে অন্যদের তুলনায় বেশি সবক প্রস্তুত করত। প্রতিদিন ৪ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শুনাত। তার নিষ্ঠা, পরিশ্রম ও আল্লাহর রহমতেই মাত্র ১০ মাসে হেফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন