যুবলীগ নেতার হামলায় গুরুতর আহত বিএনপি নেতা

যুবলীগ নেতার হামলায় গুরুতর আহত বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ নয়ন চৌধুরী। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। তার অভিযোগ, রাজনীতি নিষিদ্ধ দল যুবলীগের নেতা আলী হোসেনের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী তার ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেলাল সওদাগরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত মোহাম্মদ নয়ন চৌধুরী চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোন খন্দকার পাড়া এলাকার মৃত নুরুল আমিনের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, অভিযুক্ত আলী হোসেন একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন নয়ন চৌধুরী জানান, এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ আবারও বিরোধে জড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে তিনি ঘটনাস্থলে এগিয়ে যান। এ সময় যুবলীগ নেতা আলী হোসেনের নেতৃত্বে একদল লোক তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

নয়ন চৌধুরী আরও বলেন, ‘আমি কোনো পক্ষের লোক নই। দুই পক্ষের সংঘর্ষ থামাতে এবং পাড়ার পরিবেশ শান্ত রাখতে মানবিক কারণে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু যুবলীগ নেতা আলী হোসেন ও তার বাহিনীর লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে গুরুতর আহত করে। আমি এ হামলার ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত যুবলীগ নেতা আলী হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, বিএনপি নেতা মোহাম্মদ নয়ন চৌধুরীর ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি নেতারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, চকরিয়া পৌরসভা এলাকায় একজন বিএনপি নেতাকে মারধরের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা যায়নি।

ওসি আরো বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন