বান্দরবানের থানছিতে খ্রিস্টান ধর্মাবলম্বীর গুড ফ্রাইডেতে সুংসুংপাড়া এবং পুরাতন রোমানাপাড়ার সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
শুক্রবার সুংসুং পাড়া এবং পুরাতন রোমানা পাড়ায় ১৬ ইস্ট বেঙ্গলের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে. কর্নেল সরদার জুলকার নাঈন।
এছাড়াও উপস্থিত ছিলেন লে. কর্নেল সৈয়দ আতিকুল করিম, সুংসুং পাড়া সাবজোনের ক্যাম্প অধিনায়ক মেজর মুহাম্মদ আরাফাত রোকনী, কারবারিসহ গণ্যমান্য ব্যক্তিরা, ধর্মযাজক, শিক্ষক ও পাড়ার সদস্যগণসহ ১৪০ জন।
প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। আমাদের সংবিধানে সকল ধর্মের সমান
অধিকার নিশ্চিত করা হয়েছে এবং ধর্মীয় স্বাধীনতা এ দেশের মানুষের এক অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য।
এদেশের মানুষ ধর্মকে ব্যক্তিগত বিশ্বাস ও আচার-আচরণের মধ্যে সীমাবদ্ধ রাখে। ঈদ, পূজা, বড়দিন কিংবা বৌদ্ধ পূর্ণিমাসহ প্রতিটি ধর্মীয় উৎসব এখানে সার্বজনীন রূপ লাভ করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একে অপরের উৎসবে শামিল হয়, শুভেচ্ছা বিনিময় করে এবং আনন্দ ভাগ করে নেয়। এই আন্তরিকতা ও সহমর্মিতা আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।’
এরপর প্রধান অতিথি পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে খ্রিষ্টান ধর্মাবলম্বীর গুড ফ্রাইডে উদ্যাপন উপলক্ষ্যে কেক কাটেন। এছাড়াও জনউন্নয়নমূলক কাজের অংশ হিসেবে উভয় পাড়ায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে সর্বমোট ৯৩ জন বম জনগোষ্ঠীর চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এছাড়াও পাড়াবাসি ৪০ জন দুস্থ বম সম্প্রদায়ের জনগণের মাঝে জনকল্যাণকর কাজের অংশ হিসেবে খাদ্য সামগ্রী (জনপ্রতি: চাল- ৫ কেজি, চিনি- ২ কেজি, ডাল- ২ কেজি, লবণ- ২ কেজি ও তেল- ২.৫ লিটার) বিতরণ করা হয়।
১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক এলাকার মানুষদেরকে সন্ত্রাসবাদ এবং দেশের বিরুদ্ধে ছড়ানো ভুল তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর মানুষের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিতভাবে সাহায্য করে আসছে। পরিশেষে অধিনায়ক উল্লেখ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের ভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠীর মানুষের প্রয়োজনে পাশে থেকে সহযোগিতা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

