কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

কুমিল্লায় আটকের পর দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য
দাউদকান্দি থানার একটি কক্ষের ভাঙা দরজা

কুমিল্লার দাউদকান্দি থানায় দরজা ভেঙে কিশোর গ্যাংয়ের ১৭ জন সদস্য পালিয়ে গেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে থানা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। আটকের পর তাদের থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়েছিল। রাতে ওই কক্ষে থাকা কিশোরদের কয়েকজন হঠাৎ দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এ সময় থানার ওই কক্ষের ভেতরে থাকা বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করা হয় বলে খবর ছড়ায়।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফুটেজ ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া সেই ভিডিওতে থানার একটি কক্ষের ভেতরে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙা এবং দরজার একটি অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।

তবে থানায় ভাঙচুর কিংবা আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছেন দাউদকান্দি থানার ওসি সাজিদুল ইসলাম পলাশ।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাঙচুর বা আসামি পালানোর মতো কোনো ঘটনা ঘটেনি। একটি প্লাস্টিকের চেয়ার উল্টে গিয়েছিল মাত্র, এর বেশি কিছু নয়। আমরা অভিযানে মোট ২৮ জনকে আটক করেছিলাম। পরে তাদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন