চকরিয়ায় ছেলের হাতে বাবা খুন

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

চকরিয়ায় ছেলের হাতে বাবা খুন
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে নিজ ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাবা খলিলুর রহমান সওদাগর। তিনি মৃত আব্দুস ছমদের ছেলে। আর ঘাতক ছেলে মিনারুল ইসলাম রাসেল। তারা চকরিয়া পৌরসভার মৌলভীরকুমের নিজপানখালী এলাকার বাসিন্দা।

শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে নিজ বাড়িতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে ধারালো রামদা দিয়ে খলিলকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায় ছেলে মিনারুল। এ সময় বাবার একটি হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে নিজ বাড়িতেই মারা যান হতভাগা বাবা । চকরিয়া থানার ওসি মনির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে ছেলে মিনারুলকে বিয়ে করান তার বাবা। বিয়ের অল্প সময়ের মধ্যেই সেটি ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর থেকে প্রতিনিয়ত বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হয় সে। সর্বশেষ এই পারিবারিক বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজের পর মসজিদ থেকে বাড়ি ফেরার পরপরই বাবাকে ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায় মিনারুল ।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয় ক্ষুব্ধ লোকজন মিনারুলকে ধরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আটকে রাখে। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশের একটি দল আঘাতককে আটক করে থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, বাবাকে খুনের ঘটনায় জড়িত মিনারুলকে আটক করে পুলিশ। হাসপাতাল থেকে লাশ হেফাজতে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তারপর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সেটি মামলা করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন