চট্টগ্রামের পটিয়ায় বহুল প্রতীক্ষিত মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের উদ্বোধন করতে আজ শুক্রবার সফরে আসছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার আগমনকে কেন্দ্র করে পটিয়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে স্থানীয় ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় পটিয়া উপজেলার জালুয়ার দিঘীপাড় এলাকায় নবনির্মিত মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল পটিয়ায় একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের। তবে বিভিন্ন প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রকল্পটি দীর্ঘদিন বাস্তবায়নের মুখ দেখেনি। পরে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের উদ্যোগে প্রকল্পটির অগ্রগতি শুরু হয়।
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন বলেন, সংসদ সদস্য এনামুল হক এনামের আন্তরিক প্রচেষ্টার ফলেই মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ বাস্তব রূপ পাচ্ছে। তার ধারাবাহিকতায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, “প্রতিমন্ত্রীর আগমনে পটিয়ার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া অবকাঠামোর উন্নয়নকাজ স্থবির ছিল। আমরা তাঁর কাছে পটিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরব।”
দাবিগুলোর মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর স্মৃতিবিজড়িত জিমনেসিয়ামের সংস্কার, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গ্যালারি নির্মাণ, বিভিন্ন খেলার মাঠ সংস্কার এবং উপজেলার সামগ্রিক ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা আশা করছেন, মিনি স্টেডিয়াম নির্মিত হলে পটিয়ার ক্রীড়া চর্চা আরও বেগবান হবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

