বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে সরকারের বিশাল সিন্ডিকেট। আমরা একটি নির্বাচিত সরকার চাইছি; যারা সবকিছু সামাল দিতে সক্ষম হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষে এসব করা সম্ভব নয়। নির্বাচনী রোডম্যাপ দিলে সব অপকর্ম বন্ধ হয়ে যাবে।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পতিত স্বৈরাচারের দোসররা এখনও স্ব-পদে রয়েছে জানিয়ে খায়ের ভূঁইয়া বলেন, এ সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে গভীর চক্রান্ত করছে স্বৈরাচারের দোসররা । জনগণের ওপর চোরাগোপ্তা হামলা চালানোসহ চুরি-ছিনতাই করছে।
তিনি বলেন, সংস্কার একটি অব্যাহত কর্মসূচি। এটা একদিনে শেষ হওয়ার কথা নয়। সরকারের নির্দিষ্ট মেয়াদ রয়েছে, অনন্তকাল থাকা যায় না। তবে এ সরকার ব্যর্থ হলে আমরাও ব্যর্থ।
কেয়ার এডুকেশন স্কুলের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নিজাম উদ্দিন চৌধুরী, ফখরুল ইসলাম স্বপন, কেয়ার এডুকেশন সোসাইটির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মাইজদী শাখা ম্যানেজার মোহাম্মদ বাহার উদ্দিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

