আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে দেখতে
শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জিএস সুমন। তারা আহত জাকির হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, জাকির হোসেন নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার মাইজদী থেকে নিজ গ্রামে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে জাকির হোসেন অভিযোগ করেন, পুলিশ ঘটনার প্রকৃত আসামীদের ধরছে না। এ বিষয়ে ব্যারিস্টার আবু সায়েম ও জিএস সুমন তাৎক্ষণিক জেলা পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলেন এবং অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের অনুরোধ জানান।
এদিকে, নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একটি পরিবারের সদস্যদের সাথেও দেখা করেন বিএনপি নেতারা। জানা যায়, চৌমুহনীতে চলমান একটি সিএনজি অটো রিকশায় সিলিন্ডার বিস্ফোরিত হলে যাত্রীরা সবাই আগুনে পুড়ে যান। তারা একই পরিবারের সদস্য। বিএনপি নেতারা তাদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

