ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞায় মোমারিজপুর-কৃষ্ণরামপুর সংযোগকারী বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, জেলে, চাকরিজীবীসহ স্থানীয় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, একসময় এ স্থানে বাঁশের সাঁকো ছিল। পরে কাঠের ব্রিজ নির্মাণ করা হলেও কয়েক হাজার মানুষের যাতায়াতের জন্য তা পর্যাপ্ত ছিল না। পরে ফাজিলেরঘাট বাজারে দাগনভূঞা-সোনাগাজী সড়কে নতুন ব্রিজ নির্মাণের পর পুরোনো বেইলি ব্রিজটি এনে মোমারিজপুর ও কৃষ্ণরামপুরের মধ্যে স্থাপন করা হয়। ব্রিজটি ব্যবহার করে স্থানীয়রা সহজেই ফাজিলেরঘাট বাজার, দাগনভূঞা ও ফেনী সদরে যাতায়াত করতেন।
লোহার পাত দিয়ে তৈরি ব্রিজটির পাটাতন দীর্ঘদিন ধরে মরিচা ধরা, অতিরিক্ত যানবাহনের চাপ এবং বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে সাময়িকভাবে পাটাতন মেরামত করা হলেও পরে আবার বিভিন্ন অংশ অকেজো হয়ে পড়ে।
বর্তমানে মোটরসাইকেল কিংবা সাইকেল নিয়েও ব্রিজটি পারাপার করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ফাজিলেরঘাট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইফুল বলেন, ‘ব্রিজ পার হয়েই আমাদের স্কুলে যেতে হয়। কিন্তু বর্তমানে হেঁটে পার হতেও ভয় লাগে।’
মাছ বিক্রেতা শ্যামল দত্ত বলেন, ‘ব্রিজটি ব্যবহার করতে না পারায় মাছ নিয়ে বিভিন্ন এলাকায় যাতায়াতে সমস্যা হচ্ছে। এতে বেচাকেনাও কমে গেছে।’
সিএনজিচালক সিরাজ বলেন, ‘আগে ব্রিজ দিয়ে ফাজিলেরঘাট হয়ে দাগনভূঞা ও ফেনীর দিকে যাত্রী নেওয়া যেত। এখন বিকল্প পথে মাতুভূঞা বা বেকেরবাজার হয়ে যেতে হচ্ছে।’
স্থানীয় ব্যবসায়ী মো. রুবেল ও তরুণ উদ্যোক্তা রেজাউল হাসানও ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, বিকল্প পথে চলাচলের কারণে পরিবহন ব্যয় ও উৎপাদন খরচ দুটোই বেড়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, ‘ব্রিজটি দেখে দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

