চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে জাতীয়তাবাদী যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়াস্থ ভান্ডারী কলোনিতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মো. মানিক (৪৫) ওই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভান্ডারী কলোনির হানিফের ভাড়া ঘরে দাওয়াত খেতে গিয়েছিল মানিক। এসময় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন মুখোশধারী সন্ত্রাসী তার ওপর হামলা করে। প্রথমে গুলি ও পড়ে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, মানিকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন