আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে নাহিদ ইসলাম

আ. লীগ যেখানেই কার্যক্রম শুরু করবে এনসিপির কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে

চট্টগ্রাম ব্যুরো

আ. লীগ যেখানেই কার্যক্রম শুরু করবে এনসিপির কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে

পতিত আওয়ামী-লীগ দেশের যেখানেই কার্যক্রম শুরু করার অপচেষ্টা করবে এনসিপি’র কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে। এনসিপি আর আওয়ামীলীগ একসঙ্গে থাকতে পারে না বলেও হুঁশিয়ারি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারিত হয়ে গেছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত রায়কে আদালতের মাধ্যমে অস্বীকার করার অপচেষ্টা চলছে। এটা যদি হয় তবে এর পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন এই ছাত্র নেতা।

বিজ্ঞাপন

নাহিদ বলেন, খামেনীকে হত্যার ঘটনায় সরকারের বিবৃতি দেখে জনগণ সন্দেহ করতে শুরু করেছে দেশ আবার আধিপত্যবাদের কবলে পড়েছে কি না। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরস্কার স্বরূপ মন্ত্রী বানিয়েছে কি না। এমন প্রশ্ন মানুষের মনে উকি দিচ্ছে। ৫ আগস্ট থেকেই নানা দেশী বিদেশী শক্তি ছাত্র জনতার শক্তিকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে। তবুও জনগণের সমর্থনে এনসিপি সংসদে গিয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচনে দলের নেতাকর্মীদের অংশ নেয়ার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান নাহিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।

আকতার হোসেন বলেন, সরকারি দল বিএনপি যে পরিমাণ ভোট পেয়েছে হ্যাঁ ভোট তার দ্বিগুণ পড়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি এই গণভোটের রায়কে অস্বীকার করতে শুরু করেছে। জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। জুলাই সনদকে আদালতে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। এবার আদালতকে প্রমাণ করতে হবে আদালত কোনো দলের নয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদের বিস্তার দেখতে চাইনা, দ্রুত সব ওয়ার্ড ও নগরে কমিটি গঠন করবে এনসিপি। ফ্যাসিবাদের উত্থান হলে জনগণকে সঙ্গে নিয়ে এনসিপি একাই তার মোকাবিলা করবে বলেও হুঁশিয়ারি জানান হাসনাত আবদুল্লাহ এমপি।

নাসির উদ্দিন পাটোয়ারি জানান, টেকনাফের সাবেক এমপি ইয়াবা সম্রাট আবদুর রহমান বদিকে বিএনপি মুক্তি দিয়েছে। বিএনপি নেতাদের তত্ত্বাবধানে দেশে ধর্ষণের মৌসুম চলছে। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত চাঁদাবাজদের দাপট শুরু হয়েছে। আর এসব অপকর্ম করতেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। ক্ষমতায় যাওয়ার ১৫ দিন যেতে না যেতেই বিএনপি এখন সংস্কারের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু এনসিপির কর্মীরা বেচে থাকলে কড়ায় গণ্ডায় সংস্কার আদায় করে নেবে বলেও হুঁশিয়ারি জানান তিনি।

তিনি বলেন, কেউ যদি হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়, আওয়ামীলীগকে ফিরিয়ে আনতে চায়, ভারতকে সুযোগ দিতে চায়, এনসিপি তাদের সে সুযোগ দিবেনা। প্রয়োজনে আবারো জুলাই হবে। আওয়ামীলীগ তো ভারতে পালিয়ে জীবন রক্ষা করেছে। অপকর্ম করলে বিএনপি নেতাদের বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দেয়া ছাড়া উপায় থাকবে না বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন