মন্ত্রীর সামনে বিক্ষোভ

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী
ছবি: আমার দেশ

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চট্টগ্রাম নগরীর মানুষকে অস্বস্তিতে ফেলে কোনো প্রকল্প সরকার করবে না। তাদের বিরক্তিতে ফেলে সরকার এটি করতে চায়ও না। পরিবেশের ক্ষতি হবে কি-না সেটি যেমন দেখা হবে। তেমনি ক্ষতি না করে করা যায় কি-না সেটিও দেখা হবে। তবে এখানে হাসপাতাল করতে হবে এমন কোনো কথা নেই। আবার হাসপাতাল করাই যাবে না এমনও কোনো কথা নেই। পরিবেশ ও চট্টগ্রামের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার সন্ধ্যায় সিআরবিতে হাসপাতাল নির্মাণের জায়গা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী বলেন, এই হাসপাতালের পিপিপিতে বলা আছে, প্রথমে আড়াইশো শয্যা পরে ৫০০ শয্যার হাসপাতাল হওয়ার কথা ছিল। কিন্তু কিছু মানুষের আন্দোলনের মুখে সেটি সেসময়ের সরকার আর করতে পারেনি। ওই পিপিপিতে পরিবেশের কোনো ক্ষতি না করে এটা করতে হবে তা বলা নেই। সিআরবিতে আগের সরকারের সময়ে হাসপাতালের বিষয়ে যেরকম সিদ্ধান্ত ছিল সেরকমই আছে। আমরা এটা নিয়ে কাজ করব কিনা সেটি এখনও ঠিক হয়নি। এটি বাস্তবায়িত হচ্ছে বিষয়টি এমনও নয়। সরকার পরিবেশের ক্ষতি করে, চট্টগ্রামবাসীকে ঝুঁকিতে ফেলে কোনো প্রকল্প করবে না। কিন্তু যেভাবে ক্ষতি ভাবা হচ্ছে সেটার চেয়ে যদি জনবান্ধব দিকটি বেশি ভারী হয় সরকার সেটি ভেবে দেখবে।

রেলমন্ত্রী আরও বলেন, যারা পিপিপিতে অর্থ ডিপোজিট করেছিল তাদের সাথে বিষয়টি কীভাবে মীমাংসা করা হবে সেটি আলাপ করা হবে। যেহেতু তাদের (ইউনাইটেড) সাথে একটি চুক্তি হয়েছিল সেটির সেটেলমেন্ট করতে হবে।

সিআরবির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ জেনে বা না জেনে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করছে। রেলওয়ের কোনো জায়গায় অন্য কাউকে বাণিজ্যিক বা সুবিধাভোগী করার সুযোগ নেই। আমার সময়ে এরকম কিছু হয়নি এবং হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চসিক মেয়রকে বলেছি, যারা আন্দোলন করছে তাদের বিষয়টি যদি যৌক্তিক হয় তাহলে সরকার সেটি ভাববে। এই জায়গায় সরকার হাসপাতাল করতে যাচ্ছে বা করবে এমন কোনো সংবাদও আমাদের পক্ষ থেকে নেই। আবার এখানে হাসপাতাল করা যাবে না বিষয়টি এমনও না। পরিবেশ ও চট্টগ্রামের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা সিদ্ধান্ত নেব। এসময় রেলমন্ত্রীর সঙ্গে পূর্বাঞ্চলীয় রেলের জিএম মো. সুবক্তগীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে রেলমন্ত্রীর আগমন ঘিরে সিআরবিতে হাসপাতাল ইস্যুতে দিনভর আন্দোলন করে পরিবেশ কর্মীরা। রোববার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিআরবিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে চলে প্রতিবাদী আন্দোলন। এতে নারী, পুরুষের পাশাপাশি শিশুরা অংশ নেন। সামাজিক সংগঠন ও পরিবেশবাদী সংগঠনগুলোর পাশাপাশি সিআরবি রক্ষা মঞ্চ নামে ওই সংগঠনের ব্যানারে কবি, সাহিত্যিক, লেখকসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা যোগ দেন আন্দোলনে। এমনকি রেলমন্ত্রীর উপস্থিতিতেও সিআরবিতে হাসপাতাল মানি না, মানব না, নগরীর অক্সিজেনে স্থাপনা মানি না, মানব না স্লোগান দেন আন্দোলনকারীরা। তবে রেলমন্ত্রী রবিউল আলম সিআরবি এলাকা পরিদর্শন করলেও আন্দোলনকারীদের কোনো কথা বলেননি।

জানা যায়, গত বৃহস্পতিবার চট্টগ্রামে রেলমন্ত্রী শেখ রবিউল আলমের ২ দিনব্যাপী সফরে তার শিডিউলের বিবরণীতে সিআরবিতে হাসপাতাল নির্মাণের তথ্যটি ছড়িয়ে পড়লে ফের আন্দোলনে নামে পরিবেশবাদী সংগঠনগুলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন