সৌদিতে হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। লাগেজটি ফিরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার ওই বৃদ্ধার পরিবার হজ এজেন্সিতে গিয়ে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনেরা হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালান। এরই জেরে শনিবার সকালে কদমতলি এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

