কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। মাত্র পাঁচ দিনের এক নবজাতককে তার নিজের বাবা ৩৫ হাজার টাকায় বিক্রি করে দেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে ৫০ হাজার টাকায় শিশুটি উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এবং ইউপি সদস্যের উপস্থিতিতে ৫০ হাজার টাকার বিনিময়ে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গর্ভাবস্থায় থাকতেই শিশুটিকে বিক্রির চুক্তি করেন ওই নবজাতকের বাবা। গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে শিশুটির মা জমজ দুই ছেলে সন্তানের জন্ম দেন। পরে ১৪ সেপ্টেম্বর মায়ের অজান্তে এক নবজাতককে ৩৫ হাজার টাকায় তুলে দেওয়া হয় মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের শাহজাহান নামের এক ব্যক্তির হাতে।
সোমবার স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুলের সহযোগিতায় এবং ইউপি সদস্য নুরুল ইসলামের উপস্থিতিতে শাহজাহানের কাছ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
শাহজাহান ধলঘাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক চকিদার আব্দুর রশিদের ছেলে।
ঘটনা জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শিশুটি ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই একে অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

